আন্তর্জাতিক ডেস্ক: ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালিতে পুনরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার স্থানীয় সময় দুপুরে এক বিবৃতিতে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও সামরিক বাহিনীর হাতে নেওয়া হয়েছে এবং এটি আগের মতো কঠোরভাবে পরিচালিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী জাহাজের জন্য পূর্ণ নৌ-চলাচলের স্বাধীনতা পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
এর আগে, শুক্রবার ইসরায়েল ও লেবানন-এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালি বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট অনুসরণ সাপেক্ষে প্রণালিটি উন্মুক্ত থাকবে।
তবে এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।
এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি দীর্ঘদিন উন্মুক্ত থাকবে না এবং জাহাজ চলাচল ইরানের অনুমোদিত পথেই সীমাবদ্ধ থাকবে।
পরবর্তীতে ঘালিবাফের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে পুনরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
চাটগাঁ নিউজ/এমকেএন






