চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আরএনসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. মোকছেদুল ইসলাম (৩৩)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর জয়বাংলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি পাড়ার বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে।
ঘটনার পর রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





