পটিয়া-সাতকানিয়ায় পৃথক অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা বলে জানা গেছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

গ্রেপ্তার তিনজনের মধ্যে আকিব চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। জসিম উদ্দিন ও রিমা বেগম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার ছদাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম অভিমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামানো হয়। এ সময় চালক মো. আকিবকে (২১) আটক করা হয়। পরে সিএনজির যাত্রী সিটের পেছনে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগে স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল থেকে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা।

অন্যদিকে, পটিয়া থানাধীন কমল মুন্সীর হাটের দক্ষিণে মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের বাসে যাত্রীবেশে থাকা মো. জসিম উদ্দিন (৫০) ও রিমা বেগমকে (৩৫) আটক করা হয়। তাদের তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে রাখা কালো স্কচটেপে মোড়ানো ছয়টি পোটলা থেকে ২ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া ও পটিয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের, উদ্ধার ইয়াবা এবং জব্দ সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top