উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮-তে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় সিএনজি অটোরিকশাতে থাকা চালক ও যাত্রীসহ অন্তত নয়জন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উখিয়ার ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাশিম ক্যাম্প-১৭-এর এইচ/৭৫ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিমের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






