চাটগাঁ নিউজ ডেস্ক : প্রায় দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে অবশেষে অপসারণ শুরু হয়েছে পড়ে থাকা পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ। বন্দরে বছরের পর বছর ধরে জমে থাকা এসব বিপজ্জনক কেমিক্যাল অপসারণের প্রথম ধাপে আজ শনিবার (৩ অক্টোবর) সকালে ৯ কনটেইনারে ১০৬ টন বিপজ্জনক এসিড ও এসিড জাতীয় পণ্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিপজ্জনক এসব পণ্য নারায়গঞ্জের রূপগঞ্জে ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, শনিবার সকালে চট্টগ্রাম বন্দরের ‘এবিআর’ ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কনটেইনারবাহী গাড়িগুলো নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমদানির পর মামলা ও খালাস না নেওয়াসহ বিভিন্ন জটিলতায় এসব বিপজ্জনক পণ্য দীর্ঘদিন ধরে বন্দরে আটকে ছিল।
চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, প্রথম ধাপে ধ্বংস করার জন্য পাঠানো ৯ কনটেইনারের মধ্যে একটিতে সালফিউরিক অ্যাসিড, একটি নাইট্রিক অ্যাসিড, পাঁচটি কনটেইনার মিথানল এবং ২ কনটেইনার থিনার।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ বলেন, নিলাম অযোগ্য বিপজ্জনক রাসায়নিক পণ্য নারায়ণগঞ্জের একটি কারখানায় পাঠানো হচ্ছে। প্রথম ধাপে ৯ কনটেইনারে ১০৬ টন পণ্য পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালসে সম্পূর্ণ বৈজ্ঞানিক ও নিরাপদ উপায়ে এসব রাসায়নিক ধ্বংস করা হবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ






