উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে স্থলমাইনের বিস্ফোরণে এক জেলের ডান পা বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বদিউর রহমান (৪০) পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তসংলগ্ন এলাকায় গেলে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে বদিউর রহমানের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





