বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লবণবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. সায়েম (২৫) এবং পশ্চিম শাকপুরা এলাকার একই পরিবারের রত্না দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি শাকপুরা চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে রায়খালী এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লবণবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি দাশ ও বৃষ্টি দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত সায়েম, রত্না দাশ ও রুনা দাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অটোরিকশাচালক সায়েমের মামা মো. রুবেল জানান, সায়েম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





