পটিয়ায় বাইকার গ্যাংয়ের কাছে মিললো ১ লাখ ইয়াবা, আটক ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রবেশের আগেই কক্সবাজার থেকে আনা প্রায় এক লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র‍্যাব-৭। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ইয়াবা পরিবহনকারী একটি মোটরসাইকেল গ্যাং কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। মোটরসাইকেলগুলো পটিয়া বাইপাস সড়ক ব্যবহার না করে ভেতরের সড়ক দিয়ে চলাচল শুরু করলে তাদের গতিবিধি গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলে যায়। পরে নিশ্চিত হয়ে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা এআরএম মোজাফফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার, পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top