ডেঙ্গুতে পল্লী চিকিৎসকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার আসমত আলী মোল্লা বাড়ির পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এসএ

Scroll to Top