জাল নোটের কারবার, দুইজনের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বায়েজিদ বোস্তামী থানার জাল নোট রাখার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার দিগরপালখালী এলাকার মনোরঞ্জন ধরের ছেলে রাজীব ধর (৪৮) এবং পটিয়া থানার দক্ষিণ খোলাইন আমন্দর মাস্টারের বাড়ির মৃত আহম্মদ নবীর ছেলে মো. জসিম (৩৬)।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, নয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে জাল নোট রাখার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রাজীব ধর ও জসীম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিলের প্রধান ফটকের বিপরীতে আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রাজীব ধরকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১ হাজার ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে জসীম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

আসামিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। জাল নোট জেনেও আসল টাকা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৭ সালের ১ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top