চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলিখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদারে প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় জানানো হয়, বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, জরুরি সেবার প্রস্তুতি এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিএমপি কমিশনার বলেন, উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





