চট্টগ্রামে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১৫ জন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে হাম রোগের আশঙ্কা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন রোগী হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া সব রোগীই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। তবে জেলার ১৫টি উপজেলায় একই সময়ে নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়নি।

এ নিয়ে জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে, যাদের সবাই মহানগরের বাসিন্দা।

ল্যাব পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও, এখন পর্যন্ত জেলায় মোট ৩৭ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ২৬ জন মহানগরের এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নতুন করে চারটি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট নমুনা প্রেরণের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩টি।

তিনি আরও জানান, চিকিৎসা শেষে এখন পর্যন্ত ২০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top