চুয়েটে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন। পাশাপাশি ক্যাম্পাসে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে সময় কাটাতে দেখা গেছে তাদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের একমাত্র দাবি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহাল করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার সকাল ১০টার পর চট্টগ্রাম সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে চুয়েটের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে তারা শুরু করেন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। বুধবার দ্বিতীয় দিনেও কর্মসূচি অব্যাহত থাকায় চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top