চা দিতে দেরি, ক্ষোভে বাবার হাতে প্রাণ হারালো দুই মাসের শিশু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দুই মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে পিতা ওসমান গণির বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শিশুটির মামা জাহেদ জানান, সকালে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। চা আনতে কিছুটা দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top