চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বৈশাখের আয়োজন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন ঘটায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরীর ডিসি হিলে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, এই আয়োজন কেবল আনুষ্ঠানিক কোনো উৎসব নয়; বরং এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য বহিঃপ্রকাশ। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয়ও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক ও শৈল্পিক পরিবেশ তৈরি হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। কোনো আয়োজনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে তা কখনো এতটা প্রাণবন্ত হয়ে ওঠে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান সফল করতে মঞ্চের সামনে ও পেছনে কাজ করা সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
নববর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে র্যালি, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। শেষে তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই চেতনাকে ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






