চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : দীর্ঘ ছয় মাস পর চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই কারিগরি ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলিইজার লিমিটেড (সিইউএফএল)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী।

সিইউএফএল সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ মার্চ গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত ২৫ আগস্ট সিইউএফএলে আবার গ্যাস সরবরাহ শুরু হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ওইসময় কারখানা চালু করা যায়নি। গ্যাস পাওয়ার দীর্ঘ সময় ২০ দিন পর ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু করে সিইউএফএল। তবে চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই কারিগরি ত্রুটির কারণে আবার বন্ধ হয়ে গেল কারখানাটি।

কারখানা সূত্রে আরও জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। কারখানাটি চালু থাকলে দৈনিক ১ লাখ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর চারটার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। রোববার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top