বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ বেহুন্দি, কারেন্ট ও চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও হালদা নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তর ও হালদা নৌ পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ৫০০ মিটার চরঘেরা জাল ও একটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান জানান, কর্ণফুলী নদীতে মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নৌ পুলিশের এসআই মোহাম্মদ রমজান আলী, এএসআই সোহেল রানা, ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান, হালদা পাহারাদার সুমনসহ অন্যান্য পাহারাদাররা উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





