চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে গাছবাড়িয়া এলাকায় বরুমতি ব্রিজের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা দ্রুত চন্দনাইশ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ






