চট্টগ্রাম মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মোট সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) নগরীর দামপাড়ায় সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল ও তৈরি পোশাক পরিবহণকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন মো. শওকত আলী।

সভায় ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে গণপরিবহণে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টানাতে হবে। একই সঙ্গে বাস টার্মিনাল ও স্ট্যান্ডে বিলবোর্ডে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে।

দামপাড়া, অলংকার, একে খান, ইপিজেড, বন্দর, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা ও কদমতলী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন ঠেকানো এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সড়ক পরিস্থিতি তদারকিতে সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top