চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামের একটি বিদেশি জাহাজ থেকে পড়ে ইয়াসিন (প্রায় ৫০) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে জাহাজটি বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থান করছিল। বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে বড় জাহাজ থেকে ছোট লাইটার জাহাজে পণ্য খালাসের সময় হঠাৎ পানিতে পড়ে যান ইয়াসিন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইয়াসিন একটি বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের দায়িত্ব পালন করে থাকে স্টিভিডোর প্রতিষ্ঠানগুলো।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ইয়াসিন পানিতে পড়ে যাওয়ার পরপরই তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সাগরে থাকা বিভিন্ন নৌযানকে নিয়মিত বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ইয়াসিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে সাগরে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





