চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিউদ্দিন শরীফকে (২৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও এসআরবি-১৫।
শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে কক্সবাজার সদর থানার লাবণী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন শরীফ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার মৃত নাদের প্রকাশ রফিকের ছেলে।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফ কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে লাবণী বিচ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার মহিউদ্দিন শরীফকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






