চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারানো বিদেশি জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদেশি জাহাজের ধাক্কায় ‘এমভি সানি-৫’ নামে একটি লাইটার জাহাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ওপর থেকে পানির নিচের অংশ পর্যন্ত বিভিন্ন কাঠামো নষ্ট হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো নাবিক আহত হননি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, পানামার পতাকাবাহী ‘এপিজে শিরিন’ ৫৫ হাজার টন কয়লা নিয়ে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। সেখান থেকে কয়লা লাইটার জাহাজ ‘এমভি সানি-৫’-এ খালাস করা হচ্ছিল। এ সময় দুটি জাহাজ পাশাপাশি অবস্থান করছিল।

অন্যদিকে ‘এইচজি সিডনি’ নামের বিদেশি জাহাজটি ৫১ হাজার টন সয়াবিন বীজ নিয়ে ব্রাজিল থেকে ২৬ সেপ্টেম্বর কুতুবদিয়া উপকূলে পৌঁছায়। মঙ্গলবার সকালে বন্দরের বহির্নোঙরের দিকে আসার সময় জাহাজটি প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এমভি সানি-৫’-এ সরাসরি ধাক্কা দেয়। ধাক্কায় লাইটার জাহাজটির সামনের অংশ মুচড়ে যায়।পানির নিচের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, লাইটার জাহাজটি সামনে না থাকলে ‘এইচজি সিডনি’র পুরো গতি ‘এপিজে শিরিন’ জাহাজে গিয়ে পড়ত। ‘এমভি সানি-৫’ এর মালিক ঢাকার হোসাইন এন্টারপ্রাইজ ক্ষয়ক্ষতির জন্য ‘এইচজি সিডনি’র শিপিং এজেন্ট লিটমন্ড শিপিংকে চিঠি দিয়েছে।

প্রতিষ্ঠানটির অংশীদার জগন্নাথ কুন্ডু বাপ্পি জানান, প্রায় ২ হাজার ৫০০ টন পণ্য পরিবহন সক্ষমতার জাহাজটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। দুর্ঘটনার কয়েক দিন আগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে জাহাজটির মেরামত করা হয়েছিল। মেরামতের পর এটিই ছিল জাহাজটির প্রথম যাত্রা।

নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী বলেন, দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বুধবার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি যাচাই করা হবে।

এদিকে লিটমন্ড শিপিংয়ের মালিক বেলায়েত হোসেন বলেন, ক্ষয়ক্ষতি হলে পি অ্যান্ড আই ক্লাবের মাধ্যমে তা নির্ধারণ করা হবে। ‘এইচজি সিডনি’ কুতুবদিয়া থেকে চট্টগ্রামের দিকে আসার সময় ভাড়া করা পাইলট জাহাজটি পরিচালনা করছিলেন বলেও তিনি জানান।

দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে যৌথ জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top