উখিয়া সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পালংখালী সীমান্তের আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পালংখালী ইউনিয়নের নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং একই এলাকার আবদুল করিমের ছেলে আমির হামজা (২৬)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালায়।

এ সময় মিয়ানমারের দিক থেকে দুজনকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের থামার সংকেত দেওয়া হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top