উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অপহৃত মো. জসিম (১৫) নামের এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জসিম বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুরবিল এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে তার বাবা সৈয়দ আহমদের ফোন নাম্বারে কল করে জসিমের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে জসিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় জসিমের পরিবারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজাপালং ইউনিয়নের হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি দল। অভিযানে জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






