চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে জেলায় ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে।
সোমবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মোট শনাক্ত রোগীদের মধ্যে ২৬৬ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং বাকি ৫৫ জন জেলার ১৫টি উপজেলার বাসিন্দা।
এদিকে, নতুন শনাক্ত রোগীর পাশাপাশি বাড়ছে সন্দেহভাজন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৪৭ জন মহানগরের এবং একজন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন রোগী। এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৪৬৭ জন হাম রোগী সুস্থ হয়েছেন।
হামের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
চাটগাঁ নিউজ/এমকেএন






