চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। এবার লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হয়েছেন আরো অন্তত ৭ জন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। যেখানে ২ জন বৌদ্ধ ভিক্ষু ও মাইক্রোবাসের ড্রাইভারসহ তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে তীর্থযাত্রায় খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। এতে সকল যাত্রীই ছিলেন বৌদ্ধ ভিক্ষু।
গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভারসহ তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমরা লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস অফিসার ফিরোজ খান বলেন, সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা আসার আগেই আহত প্রায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
মারা যাওয়াদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তারা ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও ভিক্ষু বলে ধারণা করছি।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






