চট্টগ্রামের কদমতলীতে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কদমতলী এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এ সময় তাদের বিভিন্ন বিদ্রুপাত্মক স্লোগান দিতেও শোনা যায়।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে কদমতলীর ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ চালকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক করে।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা সিএনজি গাড়ির গ্যাস পাচ্ছেন না। অথচ সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমেছেন।

চালকেরা জানান, গ্যাসের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। একেকটি গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এরপরও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের আয় বন্ধ হয়ে গেছে।

নাহিদুল নামে এক সিএনজি চালক বলেন, ‘সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস পাব কি না, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা গাড়ি চালিয়ে সংসার চালাই। সারাদিন যদি গ্যাসের জন্য বসে থাকতে হয়, তাহলে পরিবারের খরচ কীভাবে চালাব?’

আরেক চালক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না। অথচ সরকারি গাড়ি ও বিশেষ মানুষের গাড়ি এলে দ্রুত গ্যাস দেওয়া হচ্ছে বলে আমরা দেখছি। আমাদের জন্য যদি গ্যাস না থাকে, তাহলে তাদের গাড়িতে কীভাবে গ্যাস দেওয়া হয়—এটা কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে।’

এর আগে শুক্রবার নগরীর ষোলশহর এলাকায় গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কয়েক শ সিএনজিচালিত অটোরিকশার চালক। সেদিন মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকদের অভিযোগ ছিল, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না।

শনিবারের বিক্ষোভের খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘গ্যাসের দাবিতে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top