চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ সারাদেশে আগামীকাল (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান বিশেষ ক্যাম্পেইন। প্রয়োজনীয় ১২ লাখ ডোজ টিকার বিপরীতে ইতোমধ্যে ৬ লাখ ৩২ হাজার ডোজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বাকি টিকাগুলো ক্যাম্পেইন চলাকালেই পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজ রোববার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, টিকার সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নেই সম্পন্ন করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। আগে নিয়মিত টিকাদান কর্মসূচিতে এমআর বা হামের টিকা নেওয়া থাকলেও অতিরিক্ত সুরক্ষার জন্য আবারও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিকা প্রয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করা হবে। এর মধ্যে ২ বছরের কম বয়সী শিশুদের ডান উরুর মধ্যভাগের বহিরাংশে এবং ২ থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ডান বাহুর উপরিভাগের বহিরাংশে চামড়ার নিচে টিকা দেওয়া হবে।
তবে অসুস্থ বা হাসপাতালে ভর্তি শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর ক্যাম্পেইন চলাকালীন যেকোনো কেন্দ্রে টিকা নেওয়া যাবে।
এছাড়া পূর্বে এমআর টিকায় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সে ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/জেএইচ





