চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মানুষের জন্য ভারত ভ্রমণ আরও সহজ ও দ্রুততর করতে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রদানের হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১১ মে) নগরীর টাইগারপাসস্থ নগর ভবনে চট্টগ্রামে নিযুক্ত ভারতের নবনিযুক্ত সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে মেয়র বলেন, চিকিৎসা, পর্যটন ও ধর্মীয় কারণে প্রতিবছর চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে ভ্রমণ করেন। বিশেষ করে আজমীর শরীফ, হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ, আগ্রার তাজমহলসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে যেতে আগ্রহীদের সংখ্যা অনেক বেশি। এ কারণে চট্টগ্রামের ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার্থে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা দ্রুত ও সহজভাবে প্রদানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ডা. শাহাদাত হোসেন নবনিযুক্ত সহকারী হাইকমিশনারকে চট্টগ্রামে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় শ্রী হরিশ কুমার চট্টগ্রামের উন্নয়নে মেয়রের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভিসা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






