চাটগাঁ নিউজ ডেস্ক: স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে পার্কভিউ হসপিটালের হাউজকিপিং বিভাগের ২১ জন কর্মী অংশ নেন।
কার্যক্রম চলাকালে হাসপাতালের বিভিন্ন অংশের ময়লা-আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় স্থান পরিষ্কার এবং সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ উদ্যোগে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ। তারা পার্কভিউ হসপিটালের সামাজিক দায়বদ্ধতামূলক এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনা ও সহযোগিতায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
এ সময় পার্কভিউ হসপিটালের মার্কেটিং সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, অফিসার তালুকদার মশিউর রহমান এবং হাউজকিপিং অফিসার মো. আরিফ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






