চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে কলেজছাত্র আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সাজিদ (১৭) চট্টগ্রাম নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থেকে পড়াশোনা করতেন।
ঘটনাটি ঘটে গত ১২ এপ্রিল বিকেলে। সেদিন বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে একদল দুর্বৃত্তের কবলে পড়েন সাজিদ। তারা তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হয় এবং ভবনের অষ্টম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনিক দাস আনোয়ারা এলাকায় অবস্থান করছে জানতে পেরে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






