ক্লাস ফাঁকি দিয়ে দলবেঁধে ঘোরাঘুরি, পরিবারের জিম্মায় ৩৫ শিক্ষার্থী

চাটগাঁ নিউজ ডেস্ক : ক্লাস না করে স্কুল, কলেজ ও মাদরাসার পোশাক পরা অবস্থায় চন্দনাইশের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরাঘুরি করছিল বেশকিছু শিক্ষার্থী। এ ঘটনায় ৩৫ জনকে আটক করে তাদের অভিভাবকদের উপজেলা পরিষদে ডেকে সতর্ক করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চন্দনাইশ উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে পড়ালেখা রেখে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গিয়ে ইউএনও দেখতে পান, শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থাতেই দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে ও আড্ডা দিচ্ছে। স্থানগুলো থেকে একে একে ৩৫ জন শিক্ষার্থীকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। পরে ইউএনও’র নির্দেশে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের খবর দেওয়া হয়। অভিভাবক ও শিক্ষকরা উপজেলা পরিষদে উপস্থিত হলে তাদের উপস্থিতিতেই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়া ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

এরপর থেকে সন্তানেরা যেন ক্লাস ফাঁকি দিতে না পারে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেষ্ট ও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় সন্তানদের বুঝিয়ে দেওয়া হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে ভুল পথে পরিচালিত না হয় এবং পড়ালেখার প্রতি মনোযোগী থাকে, সে উদ্দেশ্যেই এই পদক্ষেপ। সন্তানরা ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না- সে বিষয়ে অভিভাবকদেরও নজরদারি বাড়ানো প্রয়োজন। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top