কোচিং থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানার জামালখানে কোচিং সেন্টার থেকে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ করেছেন তার বাবা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিপরীতে একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।

অপহৃত ওই ছাত্রী নগরের কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কোতোয়ালী থানার রহমতগঞ্জের সিএনবি এলাকায়।

ছাত্রীর বাবা আব্বাস উদ্দীন বলেন, শুক্রবার বিকেলে জামালখানের একটি কোচিং সেন্টারে পড়তে যায় তার মেয়ে। সেখান থেকে বাসায় ফেরার পথে এক নারী নাকে স্প্রে করে তাকে নিয়ে যান। ওই দিন রাতে কোতোয়ালী থানায় জিডি করা হয়। এরপর আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

তিনি আরও বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে কল আসে। তখন মেয়ের সঙ্গে কথা হয়। সে কান্নাকাটি করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে এবং মারধর করা হয়েছে। শুক্রবার থেকে ঘুমের মধ্যে ছিল বলেও জানায় সে। তাকে একটি কক্ষে আটকে রেখে খারাপ কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করে মেয়েটি। যে নম্বর থেকে কল এসেছিল, সেটি রোববার ভোর পর্যন্ত চালু ছিল। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, এ ঘটনায় থানায় নিখোঁজের জিডি করা হয়েছে। অপহরণের বিষয়টি নিশ্চিত হলে আইন অনুযায়ী মামলা নেওয়া হবে।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বলেন, মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। উদ্ধারের বিষয়ে তদন্ত অনেক দূর এগিয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top