চাটগাঁ নিউজ ডেস্ক : আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল হোসেন বগা। আদালত শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ৮ জুন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ান তিনি।
সর্বশেষ ৬ অক্টোবর নগরের টাইগার পাস এলাকার সিটি করপোরেশন ভবনে ওয়াকিল অবস্থান করছেন খবর পেয়ে সেখানে তাকে ধরতে যান পুলিশ সদস্যরা। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পরদিন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ওয়াকিল নগর ভবনে ছিলেন না। ওয়াকিলের দুই ভাই তার সঙ্গে সঙ্গে দেখা করতে এসেছিলেন।’
ওয়াকিলকে সন্ত্রাসী নয়, জুলাই যোদ্ধা বলে দাবি করেন মেয়র। এ সময় তিনি খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
ওই দিনই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবিতে বদলি করা হয়। এর পরের দিন চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয় আবদুর রহিমকে।
চাটগাঁ নিউজ/এসএ






