কর্ণফুলীতে বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ, ছেলে কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় বৃদ্ধ মাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১২ জুন) চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ির বাসিন্দা বেগম জান (৬৩) কর্ণফুলী থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে এই মামলা দায়ের করেন।

মামলায় তার ছেলে মো. হাসান (৩৫), পুত্রবধূ সুমি আক্তার (২৯) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ও বিরোধকে কেন্দ্র করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, মামলাটি তদন্ত করছেন এসআই জয়নাল আবেদীন। এরই মধ্যে ১১ জুন অভিযুক্ত মো. হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পারিবারিক দ্বন্দ্ব ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা রয়েছে। এর আগে সুমি আক্তার বাদী হয়ে মারধরের অভিযোগে মোহাম্মদ নবীসহ কয়েকজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলাতেও গ্রেপ্তার হয়েছে একজন।

এছাড়া ৪ এপ্রিল প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করেন বেগম জান। একই সময় তার আরেক পুত্রবধূ দেলোয়ারা বেগমও আলাদা জিডি করেন।

ভুক্তভোগী বেগম জান বলেন, কোথাও শান্তি পাচ্ছি না। আমাকে কেউ ভরণ-পোষণ দেয় না, উল্টো মারধর ও হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

পুলিশ জানিয়েছে, অভিযোগ ও জিডিগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top