কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ড, দগ্ধ দুই নাবিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে। ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় তারা মারা যান।

নিহতরা হলেন ট্রলারের ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) এবং শাহ আলম (৪০)।

ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, বুধবার (১ জুলাই) সকালে নিজ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালীতে।

এ ঘটনায় গুরুতর দগ্ধ ট্রলারের প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের সময় পাশেই নোঙর করা এফভি ডিজনি ট্রলারের তিন নাবিক—নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদও দগ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নেওয়ার পর বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস. খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন নাবিক দগ্ধ হন, যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top