চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সেবাকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে নির্মিত নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১২টায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় বন্দরের সদস্য, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষকে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো। এতে নিরাপত্তা ও প্রবেশ-নিয়ন্ত্রণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো। নতুন ভবন চালুর মাধ্যমে সেই জটিলতা দূর হবে এবং সেবা গ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে।
তিনি জানান, প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে নিরাপত্তা নিশ্চিত করে নির্মাণ করা হয়েছে। এটি বন্দরের কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবনটি থেকে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে। ফলে নির্মাণ ব্যয়ও তুলনামূলক অল্প সময়ের মধ্যেই উঠে আসবে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন ভবন নির্মাণের কাজ ২০২২ সালে শুরু হয়। ভবনটির নিচতলায় রয়েছে রিসেপশন, প্রথম তলায় টোকেন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ রয়েছে এবং তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।
এ ছাড়া ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে। অবশিষ্ট তিনটি তলা বন্দরের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃত হচ্ছে।
এর আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষকে সেখানে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে একদিকে যেমন নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে সেবা গ্রহণও হবে আরও দ্রুত, সহজ ও আধুনিক।
চাটগাঁ নিউজ/এমকেএন





