সীতাকুণ্ডে সড়ক অবরোধ ও গাছ কাটার ঘটনায় গ্রেপ্তার ২

সীতাকুণ্ড প্রতিনিধি:  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মো. হারুন নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপর আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়।

আজ বুধবার (১ জুলাই) সীতাকুণ্ড মডেল থানায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমার ইতোমধ্যে জড়িত একজনকে গ্রেপ্তার করেছি। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আরো একজনকে।

এদিকে গ্রেপ্তার ও আটককৃতরা বিএনপি কর্মী বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুর থেকে তার সমর্থকদের একটি অংশ বিক্ষোভে নামে। একপর্যায়ে তারা মহাসড়কের কয়েকটি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

ওসি মহিনুল ইসলাম আরো জানান, বর্তমানে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

উল্লেখ্য, মঙ্গলবার আপিল বিভাগের রায় ঘোষণার পর দুপুর থেকেই আসলাম চৌধুরীর সমর্থকেরা বিক্ষোভে নামেন। বিকেলে ছোট দারোগারহাট, কুমিরা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ইলেকট্রিক করাত দিয়ে সড়কের পাশের সরকারি গাছ কেটে গুঁড়িসহ সড়কের ওপর ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়। পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে করে হাজারো যাত্রী চরম দূর্ভোগে পড়েন। দীর্ঘ চারঘন্টা পর বিকাল পৌনে ৫টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন/জেএইচ

Scroll to Top