চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া এলাকায় নিজ বাসায় হামলার শিকার হয়ে সানজিদা আক্তার রেশমি নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেশমি নিয়মিত একটি মুদির দোকান থেকে বাজার করতেন। সেই সূত্রে দোকান মালিক শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিনসহ কয়েকজন নারীর সঙ্গে রেশমির বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে ইয়াসমিনসহ চার থেকে পাঁচজন নারী রেশমির বাসায় গিয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় পাশে থাকা তার ১২ বছর বয়সী ছেলে সাব্বির চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত কয়েকজন নারীকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত রেশমিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





