কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে মো. হৃদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

নিহত হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন— ইসলামপুর বাবুলের ঘোনা এলাকার আশরাফ ওরফে আসিফ (২৮) এবং পাহাড়তলী ইসলামপুর মসজিদ এলাকার আশরাফুল ইসলাম (২০)। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র ও ছুরির আঘাতে তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পরপরই কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পূর্ববিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top