বিনোদন ডেস্ক: বছর দুয়েক আগে ওটিটিতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজের নাম ভূমিকায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। দুই বছর পর আবারও ওটিটিতে ফিরছেন এই অভিনেতা। এবার তিনি সাংবাদিক। সিরিজের নাম ‘হেডলাইন’। এটি নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম।
২৫ জুন হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে ট্রেলার। তাতে আঁচ করা যায়, সাংবাদিকতার চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা অনিয়ম ও দুর্নীতির নানা দিক উঠে আসবে এতে। পাশাপাশি পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনও থাকবে সমান্তরালে।
৮ পর্বের এ সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী ও জাহাঙ্গীর আলমসহ অনেকে।
‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে আছেন অপূর্ব। তিনি বলেন, “জহির চরিত্রটির একটি দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।”
সিরিজটির মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে প্রত্যাবর্তন করছেন আফসান আরা বিন্দু। তিনি সিরিজটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছেন।
অন্যদিকে ইয়াশ রোহান বলেন, “চরিত্রটির জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটি চরিত্র, যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ ছিলাম না, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হৃদয় ও আত্মা উজাড় করে দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবেন।”
চাটগাঁ নিউজ/এমকেএন





