প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন: মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নানা উদ্যোগের মাধ্যমে সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও জনকল্যাণমূলক কর্মসূচি থেকে সরকার পিছিয়ে যায়নি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কেবল অবকাঠামো উন্নয়নই নয়, প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। সেই লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ধর্মীয় ব্যক্তিদের ভাতা, ক্রীড়াবিদদের সম্মানীসহ বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

তিনি দাবি করেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ফলে চিকিৎসা খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার স্বার্থে সিগারেট ও মদের দাম বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম ও অধ্যাপক আল আমিন, এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে ১৯টি উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ১২৪টি পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top