চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারীর চারিয়া এলাকায় ইটভাটার পুকুরে ইটবোঝাই ট্রাক পড়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত হেলপার শাহীন (২৮) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার শাহীন নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল অভিযান চালায়। এক পর্যায়ে বেলা ২ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাক হেলপার শাহিনের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনার পর পুকুরে তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এসএ





