‘এলএনজি টার্মিনাল আংশিক চালু আজ, কমবে সংকট’

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার আজ বুধবার রাতে আংশিক চালু হতে পারে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন।

বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর নিউ মার্কেট এলাকায় রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের এফএসআরইউতে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটি সারাতে আমাদের দেশি এবং বিদেশি প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করছে। হয়তো আজ রাতে কিছুটা উন্নতি হবে। প্রায় সাড়ে চারশ এমএমসিএফটি (মিলিয়ন ঘটফুট) গ্যাস আমরা কম পাচ্ছি। সেটা হয়ত আংশিকভাবে। এখানে দুইটা বয়লার ছিল। তার মধ্যে একটা বয়লার হয়তবা চালু হয়ে যাবে আজকে রাত থেকেই। বাকি অংশ পরবর্তীতে হবে। এতে অর্ধেক আসবে। দুইশ থেকে আড়াইশ এমএমসিএফটি হয়ত আসতে পারে।

তিনি আরও বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ কার্যক্রম চালু রাখছি। আমরা আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করি। আমরা এখন দিতে পারছি প্রায় ২০০ এমএমসিএফটি। নরমালি আমরা ২৬০-২৭০ এর মত থাকে। এখন ২০০ এর কাছাকাছি দিচ্ছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top