একাধিক গাড়িতে সংঘর্ষ, হাটহাজারীতে পালানোর পথে আটক প্রাইভেটকার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষের পর পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীতে একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত স্থানীয় জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদরাসা-সংলগ্ন ত্রিবেণী মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়িতে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর একটি প্রাইভেটকার দ্রুতগতিতে হাটহাজারীর দিকে পালিয়ে আসছিল। পরে ত্রিবেণী মোড়ে স্থানীয়রা গাড়িটির গতিরোধ করে সেটি আটক করেন। এ সময় উত্তেজিত জনতা গাড়িটির সামনের অংশসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি জব্দ করা হয়। গাড়িটি সড়কের মাঝপথে রেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় গাড়িতে থাকা এক নারীকে হেফাজতে নেওয়া হয়।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি জব্দ করে। পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করা হয়েছে। গাড়িতে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করার পাশাপাশি যানজট নিরসনে পুলিশ কাজ করছে।’

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ত্রিবেণী মোড়ে মুহূর্তেই যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top