একদিনে চার জেলায় সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ১০ জনের

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও রাজবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলোতে আহত হয়েছেন আরও প্রায় ৩৭ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন, গোপালগঞ্জে তিনজন, সিরাজগঞ্জে দুজন এবং রাজবাড়ীতে একজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেল চারজনের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে মো. আসাদ (২১) ঘটনাস্থলেই মারা যান। আহত জাবির আলীকে (২০) ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮) নিহত হন।

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, ভোররাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত চালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছে—এমন অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে নিহতদের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করা হলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। একটি দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।

পাংশা হাইওয়ে থানার পুলিশ জানায়, পাংশা কলেজ মোড় এলাকায় বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে ছালবোঝাই আরেকটি ট্রাক এসে কাঠবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়।

দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের কালুখালী ও পাংশার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া দুপুর ১২টার দিকে চন্দনী চাঁদপুর এলাকায় গরুবোঝাই ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি গরু মারা যায় এবং গরুবোঝাই ট্রাকের চালক ও সহকারী আহত হন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top