চাটগাঁ নিউজ ডেস্ক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, কারখানার বিভিন্ন স্থানে নোংরা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে উৎপাদিত লাড্ডু সহ বিভিন্ন মিষ্টান্নের মেয়াদ অস্বাভাবিক বেশি রাখা এবং উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগসহ খাদ্য উৎপাদনে নানা অনিয়ম ধরা পড়ে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যের মেয়াদ নির্ধারণে অসঙ্গতি এবং উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






