উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চার আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২২ জুলাই) ৮ এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এপিবিএন সূত্র জানায়, গত ২২ জুন উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-১৫ (জামতলী) এলাকার বাসিন্দা রোহিঙ্গা যুবক আব্দুল হাফেজ (২০) নিখোঁজ হন। পরিবারের দাবি, তিনি রাতে বন্ধুদের সঙ্গে টেলিভিশনে ফুটবল খেলা দেখতে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি।
পরিবারের অভিযোগের পর ৮ এপিবিএনের অধিনায়কের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো. আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা অনুসন্ধান শুরু করেন। গোয়েন্দা তথ্য, গোপন সংবাদের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পরে গত ৪ জুলাই রাতে ক্যাম্প-১৫-এর এইচ/৭ ব্লকে মোহাম্মদ রফিকের বসতঘরের পাশের একটি সেফটিক ট্যাংক থেকে আব্দুল হাফেজের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উখিয়া থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত চলাকালে গত ৬ ও ৭ জুলাই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ধারাবাহিক অভিযানে গত ২০ জুলাই রাতে ক্যাম্প-১৪ এলাকা থেকে মামলার প্রধান আসামি মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করে ৮ এপিবিএন।
পরদিন ২১ জুলাই তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গ্রেপ্তার হওয়া আরও তিন আসামিও একই ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
৮ এপিবিএন জানায়, এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করেছেন। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






