উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ড্রোন উড়িয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, মাছকারিয়া এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে ড্রোন উড়িয়ে ওই এলাকায় নজরদারি করা হয়। পরে বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করে।
এ ঘটনায় নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান। এ সময় দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি বলেন, ‘পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে বনবিভাগের একটি দল মাছকারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, বনভূমি ও পাহাড় রক্ষায় বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। পাহাড় কেটে মাটি পাচারসহ বনজ সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





