ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বটতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিয়াজ্জ্যাকাটা গ্রামের রমজান আলীর ছেলে মেহেদী হাসান রিয়াদ, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মৃত আবদু সালামের ছেলে হারুন রশিদ, ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস গ্রামের মৃত বশির আলমের ছেলে নুরুল আমিন এবং নাপিতখালী ঘোনাপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মাসুদ করিম।
পুলিশ জানায়, ঈদগাঁও থানার এসআই অচিন্ত কুমার দে-এর নেতৃত্বে এএসআই সুমন বড়ুয়া, এএসআই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাপিতখালী বটতলী এলাকার একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান চালায়।
এ সময় চারজনকে চক্রাকারে খাটের ওপর বসে ইয়াবা সেবনের প্রস্তুতি নিতে দেখা যায়। পরে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ইয়াবা সেবনে ব্যবহৃত ১০টি ছোট সাদা রঙের প্লাস্টিক পাইপ এবং ১০টি ফ্লুয়েল পেপার জব্দ করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





